April 12, 2011

ট্যাবলেটের জন্য চিপ তৈরী করেছে ইন্টেল

ট্যাবলেট কম্পিউটারের জন্য নতুন একটি চিপ তৈরী করেছে ইন্টেল। বিশ্বের শতকরা ৮০ ভাগের বেশি ল্যাপটপ এবং পিসিতে তাদের চিপ ব্যবহার করা হলেও স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে ইন্টেল পিছিয়ে আছে ক্যালকম, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, এপল এদের কাছে। সেখানে তাদের অবস্থান শক্ত করার জন্যই এই পদক্ষেপ।
ইন্টেল বলেছে ৩৫টির বেশি ট্যাবলেট এবং হাইব্রিড কম্পিউটার তৈরী হচ্ছে তাদের চিপ ব্যবহার করে। এগুলি তাদের এটম প্রসেসরের মত। ফলে সফটঅয়্যার ব্যবহারের দিক থেকে সুবিধে পাওয়া যাবে। স্মার্টফোনের ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে এবছর শেষদিকে এজন্য চিপ আনা হবে।

দাম কমছে কিন্ডলে ই-বুক রিডারের, বিনিময়ে আসছে বিজ্ঞাপন

কিন্ডলে ইবুক রিডারের দাম কমাচ্ছে আমাজন। এজন্য আয়ের যে কমতি সেটা পুরন করতে সেখানে যোগ করা হচ্ছে অনস্ক্রিন বিজ্ঞাপন। তারা জানিয়েছে ১১৪ ডলারে নতুন কিন্ডলে কেনা যাবে (বর্তমানের সবচেয়ে কম দামের থেকেও ২৫ ডলার কম), এতে হোমপেজের নিচের দিকে এবং স্ক্রীন সেভার হিসেবে বিজ্ঞাপন দেখা যাবে। সবচেয়ে নতুন এই ই-রিডার বিক্রি শুরু হবে মে মাসের ৩ তারিখ থেকে।
আমাজন তাদের কিন্ডলে বিক্রি শুরু করেছিল ৩৯৯ ডলার দিয়ে। সেটা ২০০৭ সালের কথা। এরপর ক্রমাগত এর দাম কমানো হয়েছে। কাজেই দাম কমানোর বিষয়টি নতুন না। নতুনত্ব হচ্ছে এতে বিজ্ঞাপন যোগ করা। শুরুতে স্ক্রীনসেভারে বিজ্ঞাপন হিসেবে দেখানো হবে জেনারেল মোটর এর বুইক গাড়ি, প্রক্টর এন্ড গ্যাম্বল এর কসমেটিক, ভিসা, জেপি মরগ্যান এদের পেমেন্ট পদ্ধতি।

মহাকাশ জয়ের ৫০ বছর, ইউরি গ্যাগারিনের ভিডিও

ঠিক ৫০ বছর আগে প্রথম মানব হিসেবে মাহাকাশে উঠেছিলেন সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন। সেখান থেকে বিশ্বকে তিনি কেমন দেখেছিলেন সেটা একমাত্র তিনিই জানেন। তার ভোস্তক-১ থেকে কেমন দেখা যেতে পারেন সেটা করে দেখতে চেয়েছেন ক্রিষ্টোফার রাইলি। আপনিও দেখে নিতে পারেন।
এতে গ্যাগারিনের সত্যিকারের অডিও ব্যবহার করা হয়েছে। সাথে যোগ করা হয়েছে ইটালিয়ান নভোচারী পাওলো নেসপোলির রেকর্ড করা ভিডিও।
ভিডিওটি দেখা যাবে এখানে : http://www.engadget.com/2011/03/26/film-recreation-of-soviet-cosmonaut-gagarins-historic-spaceflig/

বিশ্বের দ্রুততম এক্সটারনাল ব্লু-রে রাইটার এনেছে আসুস

আপনার এক্সটারনাল ব্লু-রে রাইটারের পারফরমেন্স নিয়ে সমস্যায় আছেন ? আসুস সেটা বোঝে। তারা আপনার জন্য এনেছে ১২এক্স গতির BW-12D1S-U ব্লুরে রাইটার। ইউএসবি ৩.০ ইন্টারফেসের এই রাইটার সরাসরি ২ডি ভিডিওকে থ্রিডিতে কনভার্ট করবেন, এখান থেকেই সরাসরি ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও টিভিতে পাঠানো যাবে। এবং এইচডি অডিও ফরম্যাট সাপোর্ট করবে।
ব্লুরে ডিস্ক ছাড়াও অবশ্যই ডিভিডি কিংবা সিডি রাইটার হিসেবে ব্যবহার করা যাবে একে। সাথে সফটঅয়্যার দেয়া হবে সাইবারলিংক পাওয়ার২গো ৭, পাওয়ার ডিভিডি ১০, পাওয়ার ব্যাকআপ ২.৫ এবং ইনষ্ট্যান্ট বার্ন ৫। এর দাম ১৫২ ইউরো।

নিরাপত্তা সফটঅয়্যার নিয়ে গুগলকে চেপে ধরেছে মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি জগতে দুই প্রধান মাইক্রোসফট এবং গুগলের বিরোধে নতুন কিছু নেই। এবারে মাইক্রোসফট গুগলকে আদালতে নিচ্ছে প্রকাশ্যে। তাদের অভিযোগ সরকারের জন্য নিরাপত্তা সফটঅয়্যার সম্পর্কে গুগল মিথ্যে তথ্য দিয়েছে। এবিষয়ে কাগজপত্র হাজির করেছে তারা।
গুগল এপস ফর গভর্নমেন্ট সফটঅয়্যার সম্পর্কে গুগল দাবী করে এজন্য ফেডারেল ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্টে আইনের আওতায় সার্টিফিকেট রয়েছে তাদের। মাইক্রোসফট বলছে তারা সার্টিফাই করেনি।

April 11, 2011

বাংলাদেশে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে

ক্লাশ চলাকালে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এধরনের প্রজ্ঞাপনের জন্য মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বাংলাদেশে এধরনের পদক্ষেপ এটাই প্রথম।
উল্লেখ করা যেতে পারে সারা বিশ্বেই বিভিন্ন কারনে মোবাইল ফোন, এসএমএস ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। আমেরিকার ৮টি রাজ্যে ড্রাইভিং এর সময় ফোন ব্যবহার নিষেধ, ৩০টি রাজ্যে ড্রাইভিং এর সময় এসএমএস ব্যবহার নিষেধ, বেশকিছু হাসপাতাল এবং স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
স্কুলে সকলের জন্যই মোবাইল ফোন ব্যবহারে বিধিনিশেধ আরো করার কারন হিসেবে বলা হয় এতে ছাত্রদের মনোযোগে বিঘ্ন ঘটে। এরসাথে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ থাকে। লাইব্রেরী, মসজিদ ইত্যাদি যায়গায় মোবাইল ফোন অন্যের বিরক্তি তৈরীর একটি প্রধান কারন হিসেবে দেখা দিয়েছে এরই মধ্যে।